ঢাকা, ১৪ই আগস্ট, ২০২৬ ইং | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী

কুনমিংয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


প্রকাশিত: 1:19 PM, February 22, 2022

সিনো-বাংলা নিউজ: চীনে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম কুনমিং কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা, মহান ভাষা শহীদদের ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের উন্নতি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বাংলাদেশের ইতিহাসে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্ব ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে আসে বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

স্বাস্থ্য সুরক্ষাবিধি অনুসরণ করে, এ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে। প্রথম সচিব (উপসচিব) বজলুর রশীদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।